(ইউসুফ মোল্লা স্বরণে)
বিধাতা রাখিও তাঁরে সুখে।
খোশবুর আলী
-------------------------------------
তানোরের কৃষিতে, যিনি দিবানিশীতে
ঢেলেছেন মাথার ঘাম,
তিনি আর কেউ নন, মোদের দরদী হন
ইউসুফ মোল্লা তাঁর নাম।
ধানের নতুন জাত, গড়েছে তাঁহার হাত
পুরাতনে আছে বীজ ব্যাংক,
কৃষক চাইলে পেত, টাকা নাহি দিতে হত
এভাবে গড়েছে নিজ র্যাংক।
পথমাঝে দেখা হলে, দাওয়াত না দিতে ভোলে
দাওয়াতে খাওয়াতো কতো কি?
সুগন্ধি চালের ভাতে, আঁচারটা ছিল সাথে
মুগের ডালে ছিল গাওয়া ঘি।
সড়ক ও পতিত জমি, বনায়নে অগ্রগামী
বাহারী ফলের ছিল ঝোঁক,
কার জমি কার গাছ, ভাবেনি তো আগ-পাছ
নিজ পর হোক বা না হোক।
কৃষি বিজ্ঞানী ক্ষ্যাত, ইউসুফ মোল্লার মতো
কৃষির প্রতি নিবেদিত প্রাণ
আছে আর কয় জন, এতটা সরল মন
তানোর এলে পায় তাঁর ঘ্রাণ।
জাতীয় পদক পেল, কত্তোসব লোক এল
কতো কথা হতো সেই মুখে,
এখন ঘুমিয়ে আছে, কেউ নাই ধারে কাছে
বিধাতা রাখিও তাঁরে সুখে।
--------------------------------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী।---১৪/০৭/২০২৩ইং

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন